বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) তার সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করতে চারটি হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ সভাকক্ষে এটি অনুষ্ঠিত সম্পন্ন হয়। নতুন চারটি হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছে। সেগুলো হলো ঢাকা ইম্পেরিয়াল হাসপাতাল পিএলসি, ইবনে সিনা ট্রাস্ট, শিপ ইন্টারন্যাশনাল হসপিটাল ও ইয়র্ক হসপিটাল লি.।
বিজিএমইএ’র পক্ষ থেকে সমঝোতা স্মারকগুলোতে সই করেন ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান। প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে সই করেন ঢাকা ইম্পেরিয়াল হাসপাতাল পিএলসির পরিচালক মো. আনিসুর রহমান, ইবনে সিনা ট্রাস্টের এজিএম ও ডেপুটি হেড অব বিজনেস ডেভলপমেন্ট জিএম তারিকুল ইসলাম, শিপ ইন্টারন্যাশনাল হসপিটালের বোর্ড ডিরেক্টর ফুতোশি কোনো এবং ইয়র্ক হসপিটাল লিমিটেডের পক্ষে পরিচালক (বিজিএমইএ এর সাবেক পরিচালক) নজরুল ইসলাম।
এ চুক্তির ফলে বিজিএমইএ’র সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা এখন থেকে এ চারটি হাসপাতালসহ মোট ১৪টি (আগে স্বাক্ষরিত ১০টির সঙ্গে যুক্ত হয়ে) শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কাছ থেকে বিশেষ ছাড় মূল্যে উন্নত চিকিৎসা ও ডায়াগনস্টিক পরিষেবা গ্রহণ করতে পারবেন। এ উদ্যোগের মাধ্যমে বিজিএমইএ তার সদস্যদের চিকিৎসার জন্য বিদেশে না গিয়ে দেশেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা গ্রহণে উৎসাহিত করছে।
অনুষ্ঠানে বিজিএমইএ ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান বলেন, বিজিএমইএ পোশাক শ্রমিকদের জন্য আশুলিয়া অঞ্চলে একটি বৃহৎ হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। এ সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে ভবিষ্যতে এ হাসপাতাল পরিচালনায় স্বাক্ষরকারী হাসপাতালগুলোর মূল্যবান সহযোগিতা নিশ্চিত করাই হলো এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
তিনি আরো বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পোশাক খাতে একটি স্থায়ী ও উন্নত স্বাস্থ্যসেবা কাঠামো গড়ে তোলা সম্ভব হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিজিএমইএ পরিচালক মো. হাসিব উদ্দিন, পরিচালক মোহাম্মদ সোহেল, বিজিএমইএ প্রেস, পাবলিকেশন অ্যান্ড পাবলিসিটি কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ কবির, মিরপুর হেলথ কেয়ার সেন্টারের চেয়ারম্যান খন্দকার মহিদুর রহমান শাহীন, টিবি কন্ট্রোল অ্যান্ড ডেঙ্গু কমিটির চেয়ারম্যান নুরুল তপন এবং ইয়র্ক হসপিটাল লি. এর ব্যবস্থাপনা পরিচালক মল্লিক নাসিম আহসানসহ সংশ্লিষ্ট হাসপাতালগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিজিএমইএ পরিচালক মোহাম্মদ সোহেল।
স্বাক্ষরকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে বলা হয়, দেশের পোশাকখাতের পাশে দাঁড়াতে পেরে তারা গর্বিত ও আনন্দিত।










