সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আল খুরাইস এলাকায় হুথিদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র বা ড্রোনের আঘাতে এক বাংলাদেশী নাগরিক নিহত হয়েছেন। রোববার আরামকোর একটি স্থাপনায় এ হামলার ঘটনা ঘটে। নিহত মো. সজিব হোসেন কুমিল্লা জেলার অধিবাসী ছিলেন।
নিহত সজিব ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের ছোটন মিয়ার ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালে সৌদি আরবে যান সজিব। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে সেখানে কাজ করছিলেন তিনি। ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাতের কারণে আরবেও এখন অস্থিরতা। এ অবস্থায় রোববার রাতে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে, যে ক্ষেপণাস্ত্র কেড়ে দেয় সজিবের প্রাণ। একমাত্র উপার্জনকারী সদস্যকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবার। তার এ আকস্মিক বিয়োগে পুরো গ্রামে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্নী ইসলাম বণিক বার্তাকে জানান, নিহত প্রবাসী সজিবের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে পরিবারকে সার্বিক সহযোগিতা করা হবে।
সৌদি আরবে বাংলাদেশী নাগরিকের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে এবং এ ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি মন্ত্রণালয় আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছে। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস এরই মধ্যে তার পরিবারের সদস্য ও নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করেছে এবং প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা দিয়েছে বলে গতকাল মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। মরদেহের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্নকরণ ও দেশে পাঠানোর বিষয়ে দূতাবাস সৌদি কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করছে।










