দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) নির্ধারণে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

এ বিষয়ে আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়েছে অর্থ বিভাগের বাজেট অনুবিভাগ।

চিঠিতে বলা হয়েছে, নতুন এ বাড়িভাড়া ভাতা আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে। এতে ছয়টি শর্ত দেওয়া হয়েছে, যার মধ্যে অন্যতম—এ ভাতা পরবর্তী জাতীয় বেতন স্কেলের সঙ্গে সমন্বয় করা হবে, এতে কোনো বকেয়া সুবিধা দেয়া হবে না।

এই সিদ্ধান্ত প্রত্যাখান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তাদের দাবি—বাড়িভাড়া ভাতা মূল বেতনের ২০ শতাংশ (সর্বনিম্ন ৩ হাজার টাকা) করা, অন্যান্য আর্থিক সুবিধা পুনর্গঠন ও শিক্ষাখাতে বৈষম্য দূর করা।

আজ আন্দোলনের অষ্টম দিনে শিক্ষকরা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন করছেন।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এত দিন প্রতি মাসে এক হাজার টাকা করে বাড়িভাড়া পেতেন। গত ৩০ সেপ্টেম্বর অর্থ বিভাগ এটি ৫০০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। তবে শিক্ষকরা তা প্রত্যাখ্যান করেন। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় অর্থ বিভাগকে চিঠি দিয়ে শতাংশের ভিত্তিতে বাড়িভাড়া বৃদ্ধির প্রস্তাব দেয়। ৫, ১০, ১৫ ও ২০ শতাংশের চারটি হিসাব পাঠানো হয়। সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনা করে অবশেষে ৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাবে সম্মতি জানানো হয়।

কিছু দিন আগে আন্দোলনরত শিক্ষকদের একটি প্রতিনিধিদল শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি তখন জানান, সরকার ৫ শতাংশ বাড়িভাড়া দেওয়ার পরিকল্পনা করছে। তবে সেদিনই এ প্রস্তাব মানবেন না বলে জানান শিক্ষকরা।