বাংলাদেশে জাতীয় পর্যায় থেকে তৃণমূল—সর্বস্তরেই দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে জড়িয়ে আছে। দুর্নীতির অধিক বিস্তারই
বর্তমানে এটিকে স্বাভাবিক প্রক্রিয়ায় পরিণত করেছে। বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বড় অবদান থাকা সত্ত্বেও দুর্নীতির কারণে এ খাত ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। করোনা মহামারী, আর্থিক সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ সময়ে বাংলাদেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষেত্রে অন্যতম বড় প্রতিবন্ধকতা হলো দুর্নীতি। গতকাল সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এক আঞ্চলিক আলোচনা সভায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উদ্যোক্তারা এসব কথা বলেন।
ব্যবসার ক্ষেত্রে উদ্যোক্তাদের প্রতিনিয়ত সম্মুখীন হওয়া দুর্নীতির অভিজ্ঞতা এবং এ দুর্নীতি প্রতিরোধে একটি সমন্বিত প্লাটফর্ম তৈরির প্রয়োজন নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান সেন্টার ফর ইন্টারন্যাশনাল প্রাইভেট এন্টারপ্রাইজের (সিআইপিই) সহায়তায় এ আলোচনা সভা বরিশালের হোটেল গ্রান্ড পার্কে অনুষ্ঠিত হয়েছে। বরিশাল বিভাগের বিভিন্ন পর্যায়ের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের প্রতিনিধিরা এতে অংশ নেন। —বিজ্ঞপ্তি










