কুষ্টিয়ায় বালিভর্তি শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির ধাক্কায় স্কুলছাত্র মারা গেছে। এ ঘটনায় এলাকাবাসী ট্রলিটি পুড়িয়ে দিয়ে মহাসড়কে বিক্ষোভ করেছে।
আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে শহরের প্রতীতি বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম ইব্রাহিম হোসেন। সে ওই স্কুলের প্লে গ্রুপের শিক্ষার্থী। তার বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল মোড় এলাকায়, বাবার নাম মোহাম্মদ সোনা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বালুভর্তি ট্রলিটি শহরের মজমপুর গেটের দিক থেকে আসছিল। স্কুলের সামনেই তার দাদী আনোয়ারার সঙ্গে রাস্তা পাড় হয়ে স্কুলে আসছিল ইব্রাহিম। এ সময় গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। তার দাদী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্কুল শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেন উপস্থিত অভিভাবক ও এলাকাবাসী। এক পর্যায়ে তারা ট্রলিটিতে আগুন ধরিয়ে দেন। এ সময় বন্ধ হয়ে যায় সড়কে যানচলাচল।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেহাবুর রহমান জানান, মরদেহ স্কুল থেকে উদ্ধার করে নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার এক ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেন সদর উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা রিফাতুল ইসলাম। তিনি জানান, এসব যানবাহন অবৈধ। সড়কে চলাচল করার অনুমতি নেই।










