বগুড়ার নন্দীগ্রামে ট্রাক চাপায় নামে আরেক ট্রাকের মালিক নিহত হয়েছেন। নিহত হায়দার আলী (৪৫) পাবনার দাশুড়িয়া ট্রাফিক মোড় এলাকার মৃত আয়েদ আলীর ছেলে।

রবিবার সকাল ৭ টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম পৌর এলাকায় সেলিনা পেট্টোল পাম্পের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, নাটোরগামী পাথর বোঝাই একটি ট্রাক সেলিনা পাম্পের সামনে দাঁড়িয়ে ছিল। ট্রাকের চালক-হেলপার ট্রাকের তাদের আসনে বসে থাকলেও মালিক হায়দার আলী ট্রাকটির পিছনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পেছন থেকে অপর একটি পাথর বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হায়দার আলীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বগুড়ার নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন দেবদাস জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করেছে। পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি আটক করেছে।