বেনাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াতে ভোগান্তি কমাতে ৫০টি ট্রলি হস্তান্তর করেছে কাস্টমস কর্তৃপক্ষ। গতকাল বেনাপোল কাস্টম হাউজের কমিশনার মো. আজিজুর রহমান বেনাপোল স্থলবন্দরের পরিচালক মো. মনিরুজ্জামানকে এ ট্রলি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টম হাউজের যুগ্ম কমিশনার আবদুর রশিদ মিয়া, উপকমিশনার অনুপম চাকমা ও বন্দরের উপপরিচালক (প্রশাসন) আবদুল জলিল।
বেনাপোল কাস্টম হাউজের কমিশনার মো. আজিজুর রহমান বলেন, চাহিদামতো বন্দরের প্যাসেঞ্জার টার্মিনাল ট্রলি না থাকায় যাত্রীদের ভোগান্তি হচ্ছিল। যাত্রীসেবা বাড়াতে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে বেনাপোল স্থলবন্দরকে ৫০টি ট্রলি হস্তান্তর করা হয়।
বেনাপোল স্থলবন্দরে পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এর আগেও কিছু ট্রলি বেনাপোল স্থলবন্দরে ছিল। এর সঙ্গে আরো ৫০টি ট্রলি যোগ হলো। এতে করে যাত্রী ভোগান্তি অনেকটা কমে আসবে। এ ট্রলি ব্যবহার করে যাত্রীরা নিজেরাই তাদের বহন করা মালামাল নিতে পারবেন। এতে সাশ্রয়ের পাশাপাশি অনেকটা ভোগান্তি থেকে নিরসন পাবে দেশী-বিদেশী যাত্রীরা।









