চট্টগ্রাম-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের মীরহাটি নামক স্থানে পিকআপ ভ্যান চাপায় পথচারী অটোরিকশা চালক ইমাম হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। মৃত ইমাম হোসেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের সুতিয়াড়া গ্রামের শামসুল হকের ছেলে।
মৃতের পরিবার ও স্বজনেরা জানান, ইমাম হোসেন পেশায় অটোরিকশা চালক ছিলেন। শনিবার বেলা ১১টার দিকে মীরহাটি এলাকায় তার অটোরিকশাটি রেখে মহাসড়ক পার হচ্ছিলেন। এমন সময় দ্রুতগামী একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. তানভীর হোসেন জানান, ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।










