এলপিজি গ্যাসে ভর্তুকি কেন দেয়া হবে না— এমন প্রশ্ন রেখে ইস্টার্ন ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার বলেছেন, আমি ব্যক্তিগতভাবে সাবসিডির (ভর্তুকি) পক্ষে না। তবে অন্য সব গ্যাস সাবসিডি পেলেও এইখাত কেন পাবে না? এইখাতে সাবসিডি দিলে সাধারণ ভোক্তাদের খরচ অনেকটাই কমে আসবে।

শনিবার (১১ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অনুষ্ঠিত এক পলিসি কনক্লেভে প্যানেল আলোচক হিসেবে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। 'বাংলাদেশে এলপিজি: অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তা' শীর্ষক এ কনক্লেভের আয়োজন করেছে দৈনিক বণিক বার্তা।

আলী রেজা ইফতেখার বলেন, আমদানি গ্যাসের দাম বাড়ার পেছনে আন্তর্জাতিক বাজার এবং জাহাজের ভাড়ার কথা বলা হয়। আগে থেকেই জাহাজ ফিক্সড করে রাখলে পরিবহন খরচ অনেকটা কমানো সম্ভব। প্রাইসিংয়ের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রাখলে এখানে অবিশ্বাসের জায়গা তৈরি হবে না।

এলপিজির সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে উল্লেখ করে তিনি বলেন, এলপিজির সবচেয়ে বড় ভোক্তা সাধারণ মানুষ। এটি বাসাবাড়ির রান্নায় সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। সেজন্য এর সাপ্লাই চেইন ঠিক রাখতে হবে।