ঈদের ছুটিতে সপরিবারে উদযাপনের জন্য গতকাল স্ত্রী এবং ছেলে ও মেয়েকে নিয়ে তিনি মোটরসাইকেলে পাটগ্রাম থেকে দিনাজপুরের নিজ গ্রামের বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। পথে ট্রাকের ধাক্কায় তারা তিনজন নিহত হয়েছেন। আহত মেয়ের অবস্থাও আশঙ্কাজনক। লালমনিরহাট ছাড়াও গতকাল দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে টাঙ্গাইলে তিনজন, চাঁপাইনবাবগঞ্জ, গোপালগঞ্জ ও বরিশালে একজন করে।
লালমনিরহাট: পাটগ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন শরিফুল ইসলাম (৩৫), তার স্ত্রী সুমাইয়া আক্তার (৩০) ও পাঁচ মাস বয়সী ছেলে হুজাইফা। তাদের বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক জানান, এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কুড়িগ্রাম: বেপরোয়া ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসে থাকা কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদসহ তিনজন আহত হয়েছেন। গতকাল রংপুর-কুড়িগ্রাম সড়কের কাউনিয়া বেইলি ব্রিজ-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় গাড়িতে থাকা সংসদ সদস্যসহ কয়েকজন আহত হন।
টাঙ্গাইল: ধনবাড়ীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গতকাল উপজেলার নল্যা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ধনবাড়ী উপজেলার সেনবাড়ী গ্রামের মৃত মুহাম্মদ আলীর ছেলে আলী আকবর (৫০), জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাঙ্গালী পাড়া গ্রামের মৃত তোরাপ আলী ছেলে উমর ফারুক (৪৫) এবং একই উপজেলার বাউসী পপুলার গ্রামের বাসিন্দা খোকন (৪২)। পুলিশ জানায়, জামালপুর থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা টাঙ্গাইলের মধুপুরের দিকে যাচ্ছিল। একই সময় মধুপুর থেকে জামালপুরগামী একটি বাস উপজেলার নল্যা বাজার এলাকায় পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশাচালক ও দুজন যাত্রী নিহত হন।
চাঁপাইনবাবগঞ্জ: অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে মো. জুনায়েদ আলী নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধোবড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু শিবগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের সানাউল্লাহর ছেলে।
গোপালগঞ্জ: রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় মহিমা খানম (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মীম খানম (১০) নামে আরো এক শিশু গুরুতর আহত হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার উত্তর গোপীনাথপুর আশ্রয়ণ প্রকল্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিমা খানম আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা সুমন মিয়ার মেয়ে। আহত মীম খানম একই এলাকার ইউসুফ শেখের মেয়ে।
বরিশাল: বাকেরগঞ্জে মহাসড়কের পাশে রাখা দুর্ঘটনাকবলিত বাস দেখতে গিয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে মো. সৈকত (২৩) নামে এক তরুণ নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরেকজন। গতকাল বরিশাল-কুয়াকাটা মহাসড়কের রুহিতারপাড় মিশু ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেলচালক সৈকত পটুয়াখালীর বাউফল উপজেলার মাঝাপাড়া গ্রামের বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে।










