বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী হিসেবে আফরোজা খানম (রিতা) এবং প্রতিমন্ত্রী হিসেবে এম রশিদুজ্জামান মিল্লাত দায়িত্ব গ্রহণ করেছেন। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে প্রথমবারের মতো নিজ দফতরে যোগদান করেন তারা।

এ উপলক্ষে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মন্ত্রণালয় ও এর অধীনস্থ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান।

দায়িত্ব গ্রহণ শেষে মন্ত্রী আফরোজা খানম বলেন, তারা কর্মকর্তাদের সহযোগিতা করতে এসেছেন এবং সবার কাছ থেকে আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছেন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মন্ত্রণালয়ের কার্যক্রমকে জনস্বার্থে আরো গতিশীল ও কার্যকর করার প্রতিশ্রুতি দেন তিনি। এ সময় তিনি সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করার ওপর বিশেষ গুরুত্ব দেন।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত তার বক্তব্যে নতুন সরকারের ইশতাহার অনুযায়ী প্রবাসীদের স্বার্থ রক্ষায় কাজ করার কথা জানান। তিনি বলেন, মন্ত্রণালয়ে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে পালন করা হবে। এছাড়া দেশের বিমানবন্দরগুলোকে লাভজনক ও আধুনিক করতে দ্রুত সমন্বিত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানের শুরুতে মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে একটি উপস্থাপনা তুলে ধরেন। নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ের কাজের গতি বাড়াতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করেন। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।