লঞ্চের ধাক্কায় নারায়ণগঞ্জের ধলেশ্বরীতে ট্রলার ডুবির ঘটনায় এমভি ফারহান-৬ নামে যাত্রীবাহী লঞ্চটি জব্দ করা হয়েছে। এছাড়া লঞ্চের দুই মাস্টার ও দুই ড্রাইভারকে আটক করেছে নৌ পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন।

লঞ্চ মালিক সমিতি জানিয়েছে, এমভি ফারহান-৬ যাত্রীবাহী লঞ্চের মালিক বরিশাল-৩ আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু। লঞ্চটির রুট পারমিট বাতিল করা হয়েছে। এঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

তাছাড়া ফায়ারসার্ভিসের ডুবুরিরা সারাদিন উদ্ধার অভিযান চালালেও ডুবে যাওয়া ট্রলারের সন্ধান পাননি। এমনকি জীবিত বা মৃত কাউকে উদ্ধার করতে পারেননি। সন্ধ্যায় উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে।

আজ বুধবার সকাল ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় অর্ধশত যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে যায়। তাতে বাকিরা সাঁতরে তীরে উঠতে পারলেও একই পরিবারের চার জনসহ মোট ৯ জন নিখোঁজ রয়েছেন।