রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে মঙ্গলবার বিকালে শেখ আবু হানিফ নামের এক উপজেলা সমাজসেবা কর্মকর্তা গ্রেফতার হয়েছেন। গ্রেফতার প্রক্সিদাতা হানিফ ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার শেখ আবুল খায়েরের ছেলে। তিনি ৩৮তম বিসিএসে নন-ক্যাডার ছিলেন। বর্তমানে বরিশালের গৌরনদী উপজেলার সহকারী সমাজসেবা কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।

গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার বিজয় কুমার বসাক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার ‘‌এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে জালিয়াতির অভিযোগে সাতজনকে আটক করা হয়। অন্যরা নিজের পরিচয় ও জালিয়াতির কথা স্বীকার করলেও সঠিক তথ্য দেননি অভিযুক্ত হানিফ। প্রথমে রুপম সরকার পরিচয় দেন এবং অন্যান্য পরিচয়ও গোপন করেন। তারপর প্রায় ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে তার আসল পরিচয় জানা গেছে। ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে মঙ্গলবার আটক ছয়জনের বিরুদ্ধে নগরীর মতিহার ও চন্দ্রিমা থানায় ছয়টি মামলা করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা বিজয় কুমার বসাক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ সেশনের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় একটি প্রক্সি চক্রকে শনাক্ত করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তিনটি ধাপে চক্রটি এ কার্যক্রমের সঙ্গে যুক্ত। মূল হোতাকে শনাক্ত করতে না পারলেও ওই চক্রের দ্বিতীয় ধাপের সঙ্গে যুক্ত থাকা ছাত্রলীগ নেতা হাসিবুল ইসলাম শান্তকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নগরীর কাটাখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।’