ইতালির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে বাংলাদেশ বিশেষ গুরুত্ব দেয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নিরাপদ অভিবাসন, অর্থনৈতিক সহযোগিতা ও ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে ইতালির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো জোরদার করতে সরকার কাজ করছে।

আজ মঙ্গলবার সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের দফতরে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর সঙ্গে সৌজন্য সাক্ষাতে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান। এ সময় রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে অভিনন্দন জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ইতালি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। নিরাপদ অভিবাসনসহ দুই দেশের সহযোগিতার অনেক ক্ষেত্র রয়েছে। ইতালিতে বসবাসরত বাংলাদেশীরা দেশে বৈদেশিক মুদ্রা পাঠিয়ে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এ কারণে বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়। ভবিষ্যতে এ সম্পর্ক আরো শক্তিশালী করার আগ্রহও রয়েছে বাংলাদেশের।

বৈঠকে ইতালির রাষ্ট্রদূত বলেন, ইতালি বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো বিস্তৃত করতে আগ্রহী। তিনি জানান, দেশটির সরকার নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং অবৈধ অভিবাসন প্রতিরোধে গুরুত্ব দিচ্ছে। এ কারণে আগামী জুন থেকে ইতালিতে নতুন অভিবাসন নীতি কার্যকর হবে। এর ফলে নিরাপদ অভিবাসন নিশ্চিত করার পাশাপাশি অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া আগের চেয়ে সহজ হবে।

রাষ্ট্রদূত আরো জানান, নিরাপদ অভিবাসন, শ্রমবাজার সম্প্রসারণ এবং দক্ষ কর্মী পাঠানোর বিষয়ে বাংলাদেশ ও ইতালির যৌথ কর্মদলের বৈঠক গত বছরের জুলাইয়ে বাংলাদেশে হয়েছিল। এ যৌথ কর্মদলের পরবর্তী বৈঠক ইতালিতে অনুষ্ঠিত হবে।

সাক্ষাতে রাষ্ট্রদূত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেন। পাশাপাশি তাকে ইতালি সফরের আমন্ত্রণও জানান। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সুবিধাজনক সময়ে ইতালি সফরের আগ্রহের কথা জানান।

বৈঠকে দুই দেশের আইনশৃঙ্খলা, নিরাপত্তা, নিরাপদ অভিবাসন, যৌথ কর্মদলের বৈঠক, অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্য বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, যুগ্মসচিব রেবেকা খান, উপসচিব বেগম মিনারা নাজমীন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক অনির্বাণ নিয়োগী এবং ইতালি দূতাবাসের কনস্যুলার শাখার প্রধান লরা শেলাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।