নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগে হবিগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়াকে শোকজ নোটিশ দেয়া হয়েছে। এ বিষয়ে নির্দিষ্ট অভিযোগের ব্যাখ্যা দিতে তাকে নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যানের পক্ষ থেকে রেজা কিবরিয়াকে নোটিশ পাঠানো হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানান তিনি।

এর আগে, সোমবার (৫ জানুয়ারি) নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং বিচারক সায়দুর রহমানের স্বাক্ষরে শোকজ নোটিশটি পাঠানো হয়। নোটিশে অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়া হয়েছে।

নির্বাচনী কর্তৃপক্ষের সূত্র জানিয়েছে, আচরণবিধিমালার কয়েকটি ধারা লঙ্ঘনের অভিযোগ ওঠায় এ শোকজ দেয়া হয়েছে। নোটিশে আগামী ১৪ জানুয়ারির মধ্যে লিখিত জবাব জমা দিতে বলা হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত সময়ের মধ্যে দেয়া ব্যাখ্যা সন্তোষজনক না হলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হতে পারে।