বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থী মারা গেছেন। আহত হয়েছেন আরেক শিক্ষার্থী। গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেলে নেয়া হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) বিকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সেলিনা কাদের চৌধুরী কলেজ সংলগ্ন চট্টগ্রাম-কাপ্তাই সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- চুয়েট পুরকৌশল বিভাগের ২০তম ব্যাচের শান্ত সাহা ও ২১তম ব্যাচের তৌফিক হোসেন।

রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, বিকালে একটি বাসের সঙ্গে শিক্ষার্থীদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় চুয়েটের দুই শিক্ষার্থী মারা গেছেন। আরো একজন গুরুতর আহত। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‘আহত জাকারিয়া হিমু চুয়েটের ২১তম ব্যাচের শিক্ষার্থী।’ এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে বলেও জানান চন্দন কুমার চক্রবর্তী।