ঝালকাঠি পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি হুমায়ুন কবির খানকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১১টার দিকে পৌর এলাকার পালবাড়ী সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে বন্ধুদের নিয়ে পেয়ারাবাগান এলাকায় পিকনিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল কাউন্সিলর হুমায়ুনের ছেলে আবিদ খান (১৭)। পিকনিকের প্রস্তুতিতে বাধা দেয়ায় কিশোরদের আরেকটি গ্রুপের সঙ্গে কথা কাটাকাটি হয় আবিদের। ওই গ্রুপটি আবিদকে পিটিয়ে আহত করে। এ নিয়ে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় কাউন্সিলর হুমায়ুন কবিরের পালবাড়ীর বাসায় হামলা চালিয়ে তার স্ত্রী রুমা বেগমকেও আহত করা হয়।

ঘটনার সময় কাউন্সিলর হুমায়ুন কবির খান পশ্চিম ঝালকাঠি ফেরিঘাট এলাকায় অন্য বাড়িতে অবস্থান করছিলেন। খবর পেয়ে রাত ১১টার দিকে অতুল মাঝির খেয়া পার হয়ে পালবাড়ীতে আসার পথে দুর্বৃত্তরা কাউন্সিলর হুমায়ুনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে তার বাম হাতের কবজি দুই ভাগ হয়ে যায়। আহত কাউন্সিলর হুমায়ুন কবির খানকে চিকিৎসার জন্য ঝালকাঠি থেকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।