হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরো তিনজন শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৭২ জন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামের পরিস্থিতি বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯২৫ জন। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৯৯ জন এবং হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৮২৬ জনের। এছাড়া, ২৪ ঘণ্টায় ৬৮টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ৪। এই সময়ে ৯৫০টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৭৯টি শিশু।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪৬ হাজার ৭১৫, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ১৪৪। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ২৮ হাজার ২৬ রোগী, যাদের মধ্যে ১ লাখ ২৩ হাজার ৬৮৪ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।










