ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের চাচা মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব সালাম পারভেজ ফকিরের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার বাদ জোহর টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের পলশিয়া রানী দিনমণি উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

জানাজা শেষে নিকরাইলের নলুয়া কবরস্থানে মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত স্থানে তাকে দাফন করা হয়। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় ফুলেল শ্রদ্ধা নিবেদন ও গার্ড অব অনার দেয়া হয়।

জানাজার আগে চাচার স্মৃতিচারণ করে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, সালাম পারভেজ ফকির আমার চাচা হলেও বন্ধুর মতো ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি ‘সূর্যসৈনিক’ হিসেবে দেশের জন্য লড়েছেন। বাল্যকাল থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি। চাচার সঙ্গে আমার সঙ্গে শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে।

মন্ত্রী বলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকের বাংলাদেশ পেয়েছি, তিনি তাদেরই একজন। তিনি আজ আমাদের মাঝে নেই। আমরা সবাই একদিন চলে যাব। তার আত্মার মাগফেরাতের জন্য আমি সবার কাছে দোয়া চাই।

জানাজায় টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান, ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম রেজাউল করিমসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা অংশ নেন। এছাড়া বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা জানাজায় উপস্থিত ছিলেন।

সালাম পারভেজ ফকির উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৫ সেপ্টেম্বর মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।