অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপের শুরুতেই অঘটন। গতকাল ভিক্টোরিয়ার জিলংয়ে আসরের উদ্বোধনী ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলংকাকে ৫৫ রানে হারিয়ে দিল আফ্রিকার দেশ নামিবিয়া! গতকাল দিনের দ্বিতীয় ম্যাচে রোমাঞ্চকর লড়া শেষে সংযুক্ত আরব আমিরাতকে তিন উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডস।

আসরের প্রথম টসে জিতে লংকান দলনায়ক দাসুন শানাকা ফিল্ডিং বেছে নেন। সিংহলিজদের চমকে দিয়ে নামিবিয়া ৭ উইকেটে ১৬৩ রানের লড়াকু সংগ্রহ গড়ে। ইয়ান ফ্রাইলিংক ২৮ বলে ৪৪, জেজে স্মিট ১৬ বলে ৩১, স্টেফান বার্ড ২৪ বলে ২৬, ইয়ান নিকোল লফটি-ইয়াটন ১২ বলে ২০ ও এরাসমাস ২৪ বলে ২০ রান করেন।

নামিবিয়া একটি পর্যায়ে ৯৩ রানে ৬ উইকেট হারায়। সেখান থেকে অবিশ্বাস্য ব্যাটিংয়ে সপ্তম উইকেটে ফ্রাইলিংক ও জেজে স্মিট ৩৩ বলে ৬৯ রান যোগ করেন। প্রমোদ মদুশান ৩৭ রানে দুটি উইকেট নেন।

ব্যাটিংয়ের সাহসী নামিবিয়া বোলিংয়ে আরো মুগ্ধতা ছড়ায়। দ্বিতীয় ওভারেই ওপেনার কুশল মেন্ডিসকে সাজঘরে ফেরান অভিজ্ঞ ডেভিড উইজে। তার দেখানো পথ ধরে অর্থোডক্স স্পিনার বার্নার্ড স্কোলজ (২/১৮) এবং পেসার বেন শিকোঙ্গো (২/২২) ও ইয়ান ফ্রাইলিংক (২/২৬) সাঁড়াশি বোলিংয়ে বর্তমান এশিয়ান চ্যাম্পিয়নদের বিধ্বস্ত করেন (১০৮/১০)।

এ হারের ফলে প্রথম রাউন্ড থেকে সুপার টুয়েলভ রাউন্ডে ওঠার কাজটি কঠিন হয়ে পড়ল শ্রীলংকার জন্য। সুপার টুয়েলভের আশা বাঁচিয়ে রাখতে চাইলে পরের দুই ম্যাচে টানা জিততে হবে তাদের।

গতকাল দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে শম্বুকগতির সূচনা করে আমিরাত। কোনো উইকেট না হারালেও পাওয়ার প্লের ৬ ওভার থেকে তারা মাত্র ৩১ রান তুলতে সমর্থ হয়। সপ্তম ওভারে প্রথম উইকেটের পতন ঘটে তাদের। শেষ ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ৫৪ রান বোর্ডে যোগ করতে পেরেছে সিপি রিজওয়ানের দল। তাতে ২০ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ১১১/৮। মুহাম্মদ ওয়াসিম ৪৭ বলে ৪১ রান করেন। পেস বোলার বাস ডি লিডি ১৯ রানে তিনটি ও ফ্রেড ক্লাসেন ১৩ রানে দুটি উইকেট নেন।

ছোট টার্গেট তাড়া করতে নেমে ৭৬ রানে ৬ উইকেট হারায় ডাচরা। যদিও টিম প্রিঙ্গল ও অধিনায়ক স্কট এডওয়ার্ডস ৩০ বলে ২৭ রান তুলে নেদারল্যান্ডসকে জয়ের কাছাকাছি নিয়ে যান। প্রিঙ্গল ১৫ রান করে সাজঘরে ফিরে গেলে লোগান ফন বিককে (৪*) নিয়ে দলকে জয়ের বন্দরে নোঙর করান এডওয়ার্ডস (১৬*)।

টি২০ বিশ্বকাপে আজ সকালে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, দুুপুরে আয়ারল্যান্ডের প্রতিপক্ষ জিম্বাবুয়ে।