প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করার জন্য ৩১ জানুয়ারি পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা।
আজ শুক্রবার (২৪ জানুয়ারি) শাহবাগ মোড়ে সোয়া ৮টার দিকে খায়রুন নাহার লিপি ও মনিবুল হক বসুনিয়া শিক্ষকদের পক্ষ থেকে এ আলটিমেটাম ঘোষণা করেন।
খায়রুন নাহার লিপি বলেন, আমরা সরকারকে ৩১ জানুয়ারি পর্যন্ত সময় দিয়ে সবাই নিজ বিদ্যালয়ে ফিরে যাচ্ছি। কিন্তু আলটিমেটাম দেয়া সময়ের মধ্যে যদি আমাদের দাবি মেনে না নেয়া হয়, তাহলে আমরা বিদ্যালয়ে কর্মস্থলে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করব।
তিনি বলেন, আজ আমরা সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে সারা দেশ থেকে আসা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা শান্তিপূর্ণ সমাবেশ করেছি। সমাবেশ থেকে ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে পদযাত্রা শুরু করি। পদযাত্রা শাহবাগে এলে পুলিশ আমাদের পদযাত্রা আটকে দেয়। আমরা বিকাল থেকে শাহবাগে অবস্থান নিয়েছি। আমাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বাসভবনে একটি প্রতিনিধি দল বৈঠক করার কথা থাকলেও আমাদের প্রধান উপদেষ্টার বাসভবনের পরিবর্তে নিয়ে যাওয়া হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে।
তিনি আরো বলেন, আমাদের সঙ্গে প্রহসন করা হয়েছে। তবুও আমরা মেনে নিয়েছি। আমাদের সহনশীলতাকে দুর্বলতা মনে করবেন না।










