গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকরা। বুধবার (১২ মার্চ) সকাল ৮টার দিকে তারা আন্দোলন শুরু করেন। এর কিছু সময় পর তারা মহাসড়ক অবরোধ শুরু করেন। যান চলাচল বন্ধ থাকায় এতে দুর্ভোগে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রীরা। তারা পায়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেন।

আন্দোলনরত শ্রমিকরা জানান, গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিক জান্নাতুল ফেরদৌস তামান্নার (৩২) শিশুসন্তান অসুস্থ। তার চিকিৎসার জন্য গতকাল রাত ৯টার দিকে সহকারী উৎপাদন ব্যবস্থাপক (এপিএম) মতিউর রহমানের কাছে আজকের ছুটি চেয়েছিল। কিন্তু তিনি ছুটি না দিয়ে তামান্নার কারখানার থেকে দেয়া পরিচয়পত্র রেখে দিয়ে বলে ‘বাড়ি চলে যা’।

শ্রমিকরা জানান, বুধবার ভোরে ৫টা ৪০ মিনিটে কারখানায় আসার পথে মহাসড়ক পার হতে গিয়ে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা ও ট্রাকচাপায় তার মৃত্যু হয়। সহকর্মী নিহতের প্রতিবাদে ওই কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন।তারা আরো জানান, ঘাতক ট্রাকচালককে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। নিহত শ্রমিকের পরিবারের সদস্যদের ভরণপোষণসহ ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে ডিউটি টাইম সকাল ৬টা থেকে পরিবর্তন করে ৭টা পর্যন্ত করা এবং বিকেল ৫টার মধ্যে ছুটি দেওয়া ও ইফতারের পর কোনো ডিউটি না করা, ঈদে ১০দিন ছুটি, চলতি মাসের ২০ তারিখের মধ্যে ঈদ বোনাস পরিশোধ করাসহ অতিদ্রুত পর্যাপ্ত পরিমাণ ফেস পাঞ্চ মেশিন বাড়ানোর ব্যবস্থার দাবি জানান তারা।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ‘আমরা আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করছি। কিন্তু তারা তাদের দাবিতে অনড়। এখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিল্পপুলিশের সদস্যরাও উপস্থিত আছেন।’