আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ‘নিরাপত্তা সতর্কতা’ জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। গতকাল সকালে দূতাবাসের ওয়েবসাইটের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) ও ফেসবুকে এ সতর্কবার্তা প্রকাশ করা হয়।

নিরাপত্তা সতর্কতায় বলা হয়েছে, নির্বাচনী সময়কালে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা বা উগ্রপন্থী হামলার আশঙ্কা রয়েছে। এ ধরনের ঘটনার লক্ষ্যবস্তু হতে পারে নির্বাচনী সমাবেশ, ভোট কেন্দ্র ও ধর্মীয় স্থান। এমন পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস।

বার্তায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিক্ষোভ ও সমাবেশ এড়িয়ে চলতে বলা হয়েছে। একই সঙ্গে যেকোনো বড় ধরনের জনসমাগমের আশপাশে অবস্থান বা চলাচলের সময় বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে।

এর আগেও গত বছরের ১৫ ডিসেম্বর বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য একই রকম নিরাপত্তা সতর্কতা জারি করেছিল ঢাকার মার্কিন দূতাবাস।