বিনিয়োগকারীদের উন্নত সেবা প্রদানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) প্লাটফর্মে নতুন ৭টি সেবা যুক্ত হচ্ছে। এ লক্ষ্যে আজ সোমবার (২৫ নভেম্বর) বিডার সঙ্গে সিলেট সিটি করপোরেশন, রংপুর সিটি করপোরেশন, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং সাউথইস্ট ব্যাংক পিএলসির মধ্যে পৃথক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

ঢাকার নিকেতনে বিডা কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। সভাপতিত্ব করেন বিডার নির্বাহী সদস্য ড. খন্দকার আজিজুল ইসলাম।

এ সময় বিডার পরিচালক আব্দুর রহিম স্বাগত বক্তব্য দেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবু মুহাম্মদ নুরুল হায়াত টুটুল।

প্রধান অতিথি চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, বিনিয়োগকারীদের দ্রুত ও সহজ সেবা দিতে বিডা ওএসএস প্লাটফর্মের গুরুত্ব অপরিসীম। বর্তমানে ৪৮টি প্রতিষ্ঠানের ১৩৩টি সেবা এ প্লাটফর্মে রয়েছে। তবে বিনিয়োগকারীদের মধ্যে এ সেবার ব্যবহার এখনো আশানুরূপ নয়। আমরা বিনিয়োগকারীদের এ প্লাটফর্ম ব্যবহারে উৎসাহিত করব।

তিনি আরো বলেন, বিভিন্ন আইপিএর (ইনভেস্টমেন্ট প্রোমোশন এজেন্সি) আলাদা ওএসএস রয়েছে। এটি বিনিয়োগকারীদের জন্য জটিলতা তৈরি করছে। আমরা একটি সিঙ্গেল এন্ট্রি পয়েন্ট চালু করার পরিকল্পনা করছি, যেখানে একটি আইডি ব্যবহার করে সব ধরনের সেবা পাওয়া যাবে।

সভাপতি ড. খন্দকার আজিজুল ইসলাম বলেন, ওএসএস প্ল্যাটফর্মে ৭টি নতুন সেবা যুক্ত হচ্ছে। এ সেবা সম্পর্কে বিনিয়োগকারীদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। ওএসএস সেবা বিনিয়োগকারীদের সময় ও অর্থ সাশ্রয় নিশ্চিত করবে।

বিডার পক্ষ থেকে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন নির্বাহী সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম (সাউথইস্ট ব্যাংকের সঙ্গে) এবং মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রয় (সিলেট সিটি করপোরেশন, রংপুর সিটি করপোরেশন ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সঙ্গে)।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নূর উদ্দীন মো. সাদেক হোসেন, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের কোম্পানি সচিব মঞ্জুরুল হক, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফি সরকার এবং রংপুর সিটি করপোরেশনের জয়শ্রী রানী রায়।

বিডার মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রয় অনুষ্ঠানে একটি অডিও-ভিজ্যুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে ওএসএস প্লাটফর্মের হালনাগাদ তথ্য তুলে ধরেন।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।