রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।

আজ মঙ্গলবার (১৯ মে) সকালে সচিবালয়ে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ও বিশ্ব খাদ্য কর্মসূচির একটি যৌথ উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে রোহিঙ্গাদের মানবিক সহায়তা কার্যক্রম আরো সমন্বিতভাবে পরিচালনা ও মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির উন্নয়নের মাধ্যমে তাদের জন্য টেকসই সমাধান নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার উপ-হাইকমিশনার কেলি টি ক্লেমেন্টস এবং বিশ্ব খাদ্য কর্মসূচির সহকারী নির্বাহী পরিচালক রানিয়া দাগাশ কামারা যৌথভাবে এ মিশনের নেতৃত্ব দেন।

বৈঠকে অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য ও ইউরোপীয় কমিশনের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও দাতা সংস্থার উচ্চপদস্থ প্রতিনিধিরা অংশ নেন।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব সাইদুর রহমান খানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।