ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের কানাইপুরের দিকনগরে পিকআপের সঙ্গে ইউনিক পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন নিহতের ঘটনায় বাস চালককে আটক করেছে র‌্যাব।

সোমবার (২২ এপ্রিল) সকালে ফরিদপুর র‌্যাব ক্যাম্পে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১০ এর ফরিদপুরের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার। 

আটক চালকের নাম খোকন মিয়া। সে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার বাজে বামুনদাহ গ্রামের মোহাম্মদ দেলোয়ার হোসেনের পুত্র।

সাংবাদিক সম্মেলনে লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, ঝিনাইদহের কোটচাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে রোববার (২১ এপ্রিল) দুপুরে তাকে আটক করেন র‌্যাব সদস্যরা। 

তিনি আরো জানান, দুর্ঘটনার আগের রাতে ওই চালক রাত নয়টা থেকে গাড়ি চালাচ্ছিলেন। দুর্ঘটনার দিনে ঘুম চোখে নিয়ে গাড়ি চালানোয় এ দুর্ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন। এছাড়া গাড়িটি দ্রুত গতিতে ছিল বলেও উল্লেখ করেন কমান্ডার কে এম শাইখ আখতার। 

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, বিপরীত দিক থেকে আসা গাড়িটিও দ্রুতগতির থাকায় দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বেড়ে যায়। 

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল ফরিদপুরের দিকনগরে ইউনিক পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন নিহত হন। এ ঘটনার পর থেকে বাসের চালক পলাতক ছিলেন।