বগুড়ার গাবতলী উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে আব্দুর রহিম (৩২) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে প্রতিপক্ষ। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে গলায় ছুরিকাঘাতে আহত হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় তার মৃত্যু হয়। নিহত আব্দুর রহিম গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের পাঁচকাতুলী গ্রামের মৃত খোকা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে আব্দুর রহিমের সঙ্গে মাসুদের বাগিবতণ্ডা হয়। এর কিছুক্ষণ পরে কয়েকজন যুবক আব্দুর রহিমের গলায় ছুরি দিয়ে আঘাত করে।

 এতে মারাত্মকভাবে আহত হলে আব্দুর রহিমকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় আব্দুর রহিম মারা যান।

বগুড়ার গাবতলী মডেল থানার ওসি সিরাজুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।