‘আমরা বাংলাদেশে কোনো একটি রাজনৈতিক দলকে অন্য দলের চেয়ে বেশি সমর্থন করি না।‘ ১৩ মে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের উপ মুখপাত্র টমি পিগট।

অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করে সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে কীভাবে দেখে এবং কী উদ্বেগ রয়েছে— সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে উপ মুখপাত্র টমি পিগট বলেন, ‘আমি যা বলতে পারি তা হল, আমরা জানি যে দলের এবং নেতাদের বিশেষ ট্রাইব্যুনাল শেষ না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে সমস্ত রাজনৈতিক কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে। আমরা বাংলাদেশে কোনো একটি রাজনৈতিক দলকে অন্য দলের চেয়ে বেশি সমর্থন করি না। আমরা একটি মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সবার জন্য সুষ্ঠু ও স্বচ্ছ আইনগত প্রক্রিয়া সমর্থন করি। আমরা বাংলাদেশসহ সকল দেশকে সবার জন্য মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং সংঘের অধিকারকে সম্মান করতে আহ্বান জানাই।

আরেক প্রশ্নের জবাবে পিগট বলেন, ‘আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে আমাদের ৫০ বছরেরও বেশি সময়ের অংশীদারত্বকে মূল্যায়ন করি। আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করে আমাদের অংশীদারত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ।‘