কুড়িগ্রামের রৌমারীতে ৩ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহাঙ্গীর আলম নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত রোববার রাত ১০টার দিকে উপজেলার শিবের ডাঙ্গীতে ঢাকাগামী রিফাত পরিবহনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তার তথ্য অনুযায়ী গ্রেফতার করা হয় আরো তিন মাদক চোরাকারবারিকে।

আটককৃতদের মধ্যে জাহাঙ্গীর আলম উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ঝগড়ারচর গ্রামের নজরুল ইসলামের ছেলে। বাকি তিনজন হলেন হজরত আলীর ছেলে এনামুল হক, শৌলমারী ইউনিয়নের পুড়ারচর গ্রামের আজিজুল হকের ছেলে নুর আলম ও বড়াইকান্দি গ্রামের আ. কাইয়ুম মেম্বারের ছেলে আলমগীর হোসেন।

পুলিশ জানায়, রৌমারী থানার তদন্ত অফিসার মোন্তাছির বিল্লাহর নেতৃত্বে এসআই নজমুলসহ পুলিশের ১০ সদস্যের একটি দল শিবের ডাঙ্গী এলাকায় রিফাত পরিবহন তল্লাশি চালায়। এ সময় ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী রাতেই উপজেলার ঝগড়ারচর, পুড়ারচর ও বড়াইকান্দি গ্রামে অভিযান চালিয়ে আরো তিনজনকে গ্রেফতার করা হয়।

রৌমারী থানার ওসি আবু মো. দিলওয়ার হাসান ইনাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।