সুন্দরবনে বন বিভাগের অভিযানে নিখোঁজ জেলের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার পর সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মাহবুব হাসানকে বদলি করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৩ এপ্রিল) পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন এ আদেশ দেন। একই আদেশে শরণখোলা রেঞ্জের এসিএফ রানা দেবকে চাঁদপাই রেঞ্জের দায়িত্ব দেয়া হয়েছে।

গত ৭ এপ্রিল সুন্দরবনের করমজল এলাকায় মাছ ধরার সময় তিন জেলেকে আটক করে বন বিভাগ। এ সময় হিলটন নাথ নামক এক জেলে নিখোঁজ হন। ওই ঘটনার ৬ দিন পরে ১৩ এপ্রিল রাতে তার মরদেহ পাওয়া যায়। নিহতের পরিবারের অভিযোগ, বন বিভাগের লোকজন হিলটন নাথকে মারধর করে নদীতে ফেলে দেয়।

এদিকে গতকাল সুরতহাল ও ময়নাতদন্ত শেষে হিলটনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। ওইদিনই তার শেষকৃত্য সম্পন্ন হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

খুলনার দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল কুমার দত্ত বলেন, চূড়ান্ত তদন্ত প্রতিবেদন পেলেই হিলটনের মৃত্যুর রহস্য জানা যাবে।

এদিকে মাহবুব হাসানকে বদলি প্রসঙ্গে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, প্রশাসনিক কারণেই এসিএফ মাহবুব হাসানকে বদলি করা হয়েছে। তাকে বদলি করে শরণখোলা রেঞ্জ কার্যালয়ে এসিএফের দায়িত্বে দেয়া হয়েছে, আর শরণখোলার এসিএফকে চাঁদপাই রেঞ্জ কার্যালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

তবে এ বিষয়ে জানতে মোবাইলে বারবার যোগাযোগ করেও মাহবুব হাসানকে পাওয়া যায়নি।