বগুড়ার ধুনটের তিন ছাত্রলীগ নেতার মাথায় অপারেশন করে বের করা হয়েছে ৯টি রাবার বুলেট। দীর্ঘ ১১ মাস পর শুক্রবার বগুড়ার একটি ক্লিনিকে তাদের অপারেশন করে বুলেটগুলো বের করা হয়।

ধুনট উপজেলার গোসাইবাড়ী গ্রামের জহুরুল ইসলামের ছেলে গোসাইবাড়ী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিয়ান রবিন (২৩), ভাণ্ডারবাড়ী ইউনিয়নের শহড়াবাড়ী গ্রামের আল আমিনের ছেলে ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হুদয় (২২) ও চুনিয়াপাড়া গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে গোসাইবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সদস্য আকাশের (২৩) মাথায় অপারেশন করে এসব রাবার বুলেট বের করে আনা হয়।

তাদের মধ্যে রবিনের মাথা থেকে দুটি বুলেট, হূদয়ের মাথা থেকে দুটি এবং আকাশের মাথা থেকে পাঁচটি বুলেট বের করা হয়েছে।

জানা যায়, গেল বছরের ১৩ ফেব্রুয়ারি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বগুড়ার ধুনট উপজেলা পরিষদ সড়কে আওয়ামী লীগের দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে চার রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ এবং ১০০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ ও লাঠিচার্জ করে। সংঘর্ষে ধুনট উপজেলা যুবলীগের সভাপতিসহ ছাত্রলীগ ও আওয়ামী লীগের উভয় পক্ষের অন্তত ২০ নেতাকর্মী আহত হন।

ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন জানান, ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারি ধুনট উপজেলা আওয়ামী লীগের একটি গ্রুপের হামলার সময় পুলিশ রাবার বুলেট ছুড়লে ছাত্রলীগের চার নেতার মাথায় গুলি বিদ্ধ হয়। কিন্তু কয়েক মাস আগে তারা অসুস্থ হয়ে পড়লে ডাক্তারি পরীক্ষার পর বিষয়টি ধরা পড়ে। তাদের মধ্যে তিনজনকে বগুড়ার সাইক হাসপাতালে অপারেশন করে মাথা থেকে ৯টি বুলেট বের করা হয়েছে।