বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, গত ১৬ বছরের দুর্বৃত্তায়নের ফলে দেশের অর্থনীতিতে যে ক্ষত তৈরি হয়েছে তা যুদ্ধবিধ্বস্ত অনেক দেশেও হয়নি। বর্তমানে সাড়ে ৬ লাখ কোটি টাকার নন-পারফর্মিং ব্যাংক লোন (খেলাপি ঋণ) রয়েছে। যেটি আমাদের সামগ্রিক অর্থনীতির ৩০ শতাংশের বেশি। এটি পৃথিবীর বহু যুদ্ধবিধ্বস্ত দেশেও নেই।
তিনি বলেন, যখন বর্তমান সরকার দায়িত্ব নেয় তখন ১২ বিলিয়ন ডলারের রিজার্ভ ছিল। ছয় বিলিয়ন ডলারের বিদেশী লায়াবিলিটিস ছিল। আমাদের নেট রিজার্ভ ছিল ৬ বিলিয়ন ডলারের কাছাকাছি। বর্তমানে আমাদের তিন থেকে সাড়ে চার মাসের রিজার্ভ আছে। এটি একেবারে মন্দ নয়। যে ক্ষতটা তৈরি হয়েছে সেখান থেকে আমরা উত্তোরণ করতে চাই। উত্তোরণ করতে গেলে ক্ষতের পটভূমি ভুলে গেলে আমরা ভুল করে ফেলব।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে প্রথম আলোর আয়োজনে ‘রফতানি বৈচিত্র্যকরণ: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা এসব কথা বলেন।
তিনি বলেন, একটি দেশের অর্থনীতির মূল বুনিয়াদ হলো এসএমই খাত। পৃথিবীতে যতগুলো সফল অর্থনীতি দেখি তার মূল বুনিয়াদই এসএমই। আমাদের বাণিজ্য সংগঠনে প্রাতিষ্ঠানিকভাবে যে পরিমাণ দুর্বৃত্তায়ন হয়েছে এখানে উদ্যোক্তাদের সঠিক প্রতিনিধিত্ব নাই, একেবারেই নাই। এ না থাকার ফলে পলিসি অ্যাডভাইজরিতে একধরনের ক্রনি ক্যাপিটালিজম (স্বজনতোষী পুঁজিবাদ) তৈরি করেছে।
বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী সদস্য নাহিয়ান রহমান, রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ, বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক রুপালী চৌধুরী, রেনাটার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ এস কায়সার কবির, দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) সায়েমা হক বিদিশা, চামড়াপণ্য, জুতা উৎপাদন ও রফতানিকারক সমিতির (এলএফএমইএবি) সহসভাপতি মো. নাসির খান, বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শাহজাহান চৌধুরী ও বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি সামিম আহমেদ। গোলটেবিল সঞ্চালনা করেন প্রথম আলোর হেড অব অনলাইন শওকত হোসেন।










