চলতি রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৭ হাজার ৩৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে ৯ কোটি ৬৩ লাখ ১ হাজার ৮০০ টাকা মূল্যের সার ও বীজ বিতরণ করা হবে। এরই অংশ হিসেবে গতকাল বেলা ১১টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কার্যালয় চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমানের সভাপতিত্বে এক অনুষ্ঠানে সার ও বীজ বিতরণকাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রোহানী মাসুম, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ সম্পাদক কৃষিবিদ সুফি রফিকুজ্জামান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবাইর মাসরুর ও সম্প্রসারণ কর্মকর্তা আফরিন বিনতে আজিজ। 

চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ৭ হাজার ৩৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে পর্যায়ক্রমে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হবে। এ উপজেলার ছয় হাজার ভুট্টাচাষী, ৪০০ বোরো ধানচাষী, ৪০০ সরিষাচাষী, ১৫০ জন পেঁয়াজচাষী ও ৪০০ জন গ্রীষ্মকালীন মুগডালচাষীর মধ্যে পর্যায়ক্রমে সার ও বীজ বিতরণ শুরু করা হয়েছে। ভুট্টায় দুই কেজি বীজ, ৩০ কেজি সার, বোরো ধান ও সরিষায় এক কেজি করে বীজ ও ২০ কেজি করে সার, গ্রীষ্মকালীন মুগডাল আবাদের জন্য পাঁচ কেজি বীজ ও ১৫ কেজি সার ও পেঁয়াজে ২৫০ গ্রাম বীজ ও ১০ কেজি সার পাবেন কৃষকরা। কৃষকরা ১৪ হাজার ৮৩৭ দশমিক ৫ কেজি বীজ, ডিএপি সার ১ লাখ ৩২ হাজার ৭৫ কেজি, এমওপি সার ৭ হাজার ৭৫০ কেজি হিসেবে ৯ কোটি ৬৩ লাখ ১ হাজার ৮০০ টাকা মূল্যের সামগ্রী পাবেন।