রাজধানীতে ঝটিকা মিছিল আয়োজন ও অর্থায়নের সঙ্গে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরো ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিবির মতিঝিল, গুলশান, সাইবার, ওয়ারী ও মিরপুর বিভাগের বিভিন্ন টিম এসব অভিযান চালায়।
রোববার (১৬ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতাররা হলেন লক্ষ্মীপুর জেলা কমলনগর থানার চর লরেঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল ওরফে সাগর (৩৩), গোপালগঞ্জ সাতপাড় সরকারি নজরুল কলেজ শাখা ছাত্রলীগের আইন সম্পাদক জুয়েল বালা (২৬), বরিশাল জেলা উজিরপুর থানা ওটরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল হোসেন (৪৫), ভাটারা থানার ৪০ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের সহসভাপতি মো. সালমান হোসেন ইমন (৩২), নরসিংদী জেলা পলাশ থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কারিউল্লা সরকার (৫২), ভাটারা থানার ৪০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. তানভীর হক নাদিম (৩৩), ঢাকা মহানগর তেজগাঁও থানার ২৪ নম্বর ওয়ার্ডের এক নম্বর ইউনিট আওয়ামী লীগের সহসভাপতি মো. হুমায়ূন মিয়া (৪৫), ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম জয় (২৫), পটুয়াখালী জেলা গলাচিপা উপজেলার ছাত্রলীগের সদস্য আসাদুজ্জামান নাঈম (২৩) ও ময়মনসিংহ জেলা শাখা ছাত্রলীগের সদস্য মো. নাসিরুল ইসলাম হিমেল (৩৫)।
ডিবি সূত্র জানায়, রাজধানীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে ঝটিকা মিছিল আয়োজনের পরিকল্পনা, অর্থায়ন, সমন্বয় ও সক্রিয় অংশগ্রহণের প্রমাণের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।










