মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মো. শাহজাহান (৭৫) নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। তিনি উপজেলার ওসমানপুর ইউনিয়নের রেহান উদ্দিন হাজি বাড়ির বাসিন্দা। গতকাল বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতের ভাতিজা সোহেল মোস্তফা দোলন বলেন, গতকাল সকালে আমার চাচা বাড়ির পাশে একটি জমিতে মাটি কাটা দেখতে যান। এ সময় নুরুল হুদা দুলাল মাস্টার ও তাজুল ইসলামের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন চৌধুরী জানান, জমি নিয়ে বিরোধের জেরে ওসমানপুর ইউনিয়নে মো. শাহজাহান নামে এক বীর মুক্তিযোদ্ধা খুন হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ব্যক্তির পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।