সারা দেশে গণগ্রেপ্তার, হামলা, মামলা ও কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতা হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি চলছে। কর্মসূচির অংশ হিসেবে লালদিঘী এলাকায় বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আজ বুধবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টায় নগরীর কোতোয়ালি থানার লালদীঘির পাড়ে জেলা পরিষদ ভবনের সামনের সড়কে কর্মসূচি শুরু করেন তারা। কর্মসূচি শুরুর পরপরই সাধারণ মানুষের সঙ্গে আইনজীবীরাও যোগ দেন। পরে তারা আদালত ভবনের দিকে যাত্রা করেন এবং বিক্ষোভ শুরু করেন।

আন্দোলনে অংশ নেয়া জহির উদ্দিন বাবর বণিক বার্তাকে বলেন, ‘বেলা ১১টায় আন্দোলনকারীরা আদালত ভবনের সামনে এসে জড়ো হতে শুরু করে। এরপর জেলা পরিষদ ভবনের সামনের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় আদালত ভবন এলাকায় আইনজীবীরাও যোগ দেন। পরে তারা আদালত চত্বরে কর্মসূচি শুরু করেন। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আধাঘণ্টা সময় দিয়ে তাদের সরে যেতে বলে। একপর্যায়ে পুলিশ পিছু হাটতে বাধ্য হয়। পরে শিক্ষার্থী ও আইনজীবীদের সম্মিলিত দলটি মিছিল নিয়ে আইনজীবী ভবনের সামনে অবস্থান নেয়।’

এদিকে কর্মসূচি শুরু হলে লালদিঘী, কোতোয়ালি, আন্দরকিল্লা, সিনেমা প্যালেস, নিউমার্কেটসহ আশপাশের এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় তীব্র যানজট সৃষ্টি হয়।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহতাব উদ্দিন, কোতোয়ালি জোনের সহকারী কমিশনার (এসি) অতনু চক্রবর্তী, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক সেখানে উপস্থিত রয়েছেন। তবে কর্মসূচির বিষয়ে তারা কেউ মন্তব্য করতে রাজি হননি।

সারা দেশে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার বিচারসহ ৯ দফা দাবি আদায়ে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।