বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) এ মামলা দায়ের করা হয়।

মামলায় মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। মামলাটি দায়ের করেন সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন। দুদকের মুখপাত্র মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে ১ কোটি ৮৭ লাখ ৭২ হাজার ৬২২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে। গত সেপ্টেম্বরে মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছিল দুদক। এখন তার বিরুদ্ধে মামলা হলো।

এছাড়া মাসুদ বিশ্বাসের স্ত্রী কামরুন নাহারের সম্পদের বিবরণী চেয়েছে দুদক। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আছে বলে জানিয়েছে দুদক ।