অনানুষ্ঠানিকভাবে যাত্রা হলো চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের। প্রাকৃতিক দুর্যোগসহ অগ্নিকাণ্ড থেকে মানুষের জানমাল রক্ষায় সম্প্রতি প্রথম= শ্রেণীর এ ফায়ার সার্ভিসটির কার্যক্রম শুরু করা হয়। তবে কার্যক্রম শুরু হলেও এখনো পূর্ণাঙ্গ জনবল পায়নি প্রতিষ্ঠানটি। ২০১৬ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিরসরাইয়ে প্রথম শ্রেণীর এ ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের অনুমোদন দেয়। শুরুতে ৫ কোটি ৩৫ লাখ ৩৫ হাজার টাকা প্রকল্পের ব্যয় ধরা হলেও মেয়াদ বৃদ্ধির সঙ্গে সঙ্গে ব্যয়ও বেড়েছে। এটি নির্মাণের জন্য স্থান নির্ধারণ করা হয় বারইয়ারহাট পৌরসভা। তবে মুজিব বর্ষ উপলক্ষে প্রকল্পটি উদ্বোধন করার কথা থাকলেও চার দফায় বাড়ানো হয় প্রকল্পের মেয়াদ। স্টেশনটি বাস্তবায়িত হওয়ায় উপজেলায় কমবে অগ্নিঝুঁকি ও ক্ষতির পরিমাণ। 

জানা গেছে, দুটি পৌরসভা ও ১৬টি ইউনিয়নের  মিরসরাই উপজেলায় রয়েছে মাত্র একটি ফায়ার সার্ভিস স্টেশন। তাও দ্বিতীয় শ্রেণীর। উপজেলার প্রথম কিংবা শেষ প্রান্তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে মিরসরাই থেকে ফায়ার সার্ভিস কর্মীরা পৌঁছানোর আগেই উপজেলায় প্রথম শ্রেণীর একটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের দাবি ওঠে। এরই পরিপ্রেক্ষিতে ২০১৬ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিরসরাইয়ে প্রথম শ্রেণীর ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের অনুমোদন দেয়। স্থান নির্ধারণ করা হয় বারইয়ারহাট পৌরসদর থেকে ১৫০ মিটার দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে। প্রাথমিক ব্যয় ৫ কোটি ৩৫ লাখ ৩৫ হাজার টাকা ধরে ২০১৯ সালে শুরু হয় কাজ। পরবর্তী সময়ে স্টেশন ভবনের জন্য বরাদ্দ দেয়া হয় আরো প্রায় সাড়ে ৪ কোটি টাকা। ৬২ শতক জমিতে এটি নির্মাণের কথা থাকলেও ভূমি অধিগ্রহণ শাখা ফায়ার সার্ভিসকে ৪৪ শতক জায়গা বুঝিয়ে দেয়। এরপর চারবার বাড়ানো হয় প্রকল্পের মেয়াদ। অবশেষে নির্মাণকাজ শেষে অনানুষ্ঠানিকভাবে এ ফায়ার সার্ভিস স্টেশনটি যাত্রা করল। 

বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন দুর্যোগ থেকে জানমাল রক্ষায় ফায়ার সার্ভিস স্টেশনের কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন ছাড়াই শুরু হয়েছে। তবে এখনো পাওয়া যায়নি পূর্ণাঙ্গ জনবল। ২২ জন ফায়ার ফাইটারের মধ্যে রয়েছে ১১ জন। তিনজন লিডার থাকার কথা থাকলেও বর্তমানে রয়েছে দুজন। তাদের অন্য স্টেশন থেকে সাময়িক আনা হয়েছে। এছাড়া এখনো এসে পৌঁছায়নি অ্যাম্বুলেন্স। বাবুর্চি, সহকারী বাবুর্চি ও পরিচ্ছন্নতাকর্মীর পদ খালি রয়েছে। পাঁচটি গাড়ির মধ্যে রয়েছে তিনটি গাড়ি। অন্য স্টেশন থেকে চালক এনে গাড়িগুলো ব্যবহার করা হচ্ছে। 

বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স প্রকল্পের ঠিকাদার হারুন অর রশিদ জানান, কাজ শেষে ফায়ার সার্ভিস স্টেশনটি কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইন্সপেক্টর নুরুল করিম বলেন, ‘এলাকাবাসীর জানমালের কথা চিন্তা করে সম্প্রতি অনানুষ্ঠানিকভাবে বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনটি চালু করা হয়েছে। ধীরে ধীরে জনবলসহ সব ধরনের সুবিধা এখানে যুক্ত হবে।’