পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

আজ শনিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় হিলি সীমান্তের শূন্যরেখায় বিজিবির পক্ষে হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার অহিদুল ইসলাম ও বিএসএফের পক্ষে হিলি ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর রমেশ কুমার পরস্পরকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

তারা দুবাহিনীর পক্ষে পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সীমান্তের নানা বিষয় নিয়ে কথা বলেন। এ সময় বিজিবির চেকপোস্ট কমান্ডার আইয়ুব আলীসহ দুই বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার অহিদুল ইসলাম জানান, ঈদুল ফিতর উপলক্ষে আজ আমরা বিএসএফকে মিষ্টি উপহার দিয়েছি। তাদের সঙ্গে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতেই এ উপহার। তারাও আমাদের মিষ্টি উপহার দিয়েছে। তারা যেমন তাদের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে আমাদেরকে মিষ্টি উপহার দেয়, আমরাও জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে তাদেরকে মিষ্টি উপহার দেই। মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময়ের এ রেওয়াজ হিলি সীমান্তে দীর্ঘদিন ধরেই চলে আসছে।

ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর রমেশ কুমার বাংলাদেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদ উপলক্ষেই বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।