বাজারে এখনো দেশীয় জাতের ভালো মানে সজনে ডাটা না উঠায় ফের ভারত থেকে আমদানি শুরু হয়েছে। দীর্ঘ ছয় মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করল ভারতের সজনে ডাটা। এসব ডাটা ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে বিক্রি হবে বলে জানান ব্যবসায়ীরা।
আজ রোববার দুপুর আড়াইটায় হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে একটি মিনি পিকআপের মাধ্যমে একহাজার ৬০০ কেজি সাজনাডাটা (ড্রাম স্টিক) আমদানি করা হয়। হিলি স্থলবন্দরের মেসার্স হিলি শিপিং লাইন নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে এই সজনে ডাটা আমদানি করেন। এর আগে গত বছরের ১১ আগস্ট বন্দর দিয়ে ভারত থেকে সজনে ডাটা আমদানি করা হয়েছিল।
সজনে ডাটার আমদানিকারক ও হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বলেন, দেশীয় সজনে এখনও বাজারে আসেনি। আমাদের দেশের সজনের গাছে ফুল এসেছে কেবল। যার কারণে রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ দেশের বাজারে ওষুধিগুণ সম্পন্ন এ সজনের বেশ চাহিদা ও ভালো দাম রয়েছে। এ ছাড়া ভারতীয় সজনে আমাদের দেশেরগুলোর চেয়ে আকারে বেশ মোটা ও স্বাদ ভালো হওয়ায় এর চাহিদা একটু বেশি। সেই বাড়তি চাহিদা ও ভালো দামের কথা মাথায় রেখে ভারত থেকে সজনে আমদানি করা হচ্ছে।দেশীয় সজনে ডাটা বাজারে না আসা পর্যন্ত এখন থেকে বন্দর দিয়ে নিয়মিতি এ সবজিটি আমদানি হবে বলেও জানান তিনি।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, গতবছরের আগস্ট মাসে বন্দর দিয়ে শেষবারের মতো ভারত থেকে দেশে সজনে ডাটা আমদানি হয়েছিল। আজ আবারও হিলি স্থলবন্দর দিয়ে চলতি মৌসুমে প্রথমবারের মতো ভারত থেকে সজনে এলো। একটি মিনি পিকআপের মাধ্যমে এক হাজার ৬০০ কেজি সজনে ডাটা আমদানি করা হয়েছে। সজনে ডাটা যেহেতু কাঁচামাল তাই কাস্টমসের সব প্রক্রিয়া সম্পন্ন করে অতিদ্রুত যেন দেশের বাজার ধরতে পারে- এ জন্য বন্দর কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা নিয়েছে। বন্দর দিয়ে অন্যান্য পণ্যের সঙ্গে নতুন এই সজনে আমদানি শুরু হওয়ায় সরকারের রাজস্ব যেমন বাড়বে তেমনি বন্দরের দৈনন্দিন আয় বাড়বে।










