বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি আলোচনা
স্থগিত করেছে ইউরোপীয় ইউনিয়ন। বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন ইউরোপিয়ান কমিশনের
মুখপাত্র নাবিলা মাসরালি।
বণিক বার্তার পক্ষ থেকে বুধবার (৩১ জুলাই) পাঠানো এক ই-মেইলের উত্তরে
নাবিলা মাসরালি বলেন, আপাতত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। সেপ্টেম্বরে অংশীদারত্ব ও
সহযোগিতা চুক্তির প্রথম দফা আলোচনা হওয়ার পরিকল্পনা ছিল। বাংলাদেশে বর্তমান পরিস্থিতির
আলোকে এটি স্থগিত করা হয়েছে। পরবর্তী দিনক্ষণ এখনো ঠিক করা হয়নি।
ইউরোপিয়ান ইউনিয়নের গ্লোবাল গেটওয়ে ইনিশিয়েটিভের অগ্রগতি ও সার্বিক
বিষয় নিয়ে আলোচনার জন্য গত বছর ২৫-২৬ অক্টোবর প্রথমবারের মতো ব্রাসেলসে ‘গ্লোবাল গেটওয়ে
ফোরাম’ আয়োজন করা হয়। ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের আমন্ত্রণে
এতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ইসি প্রেসিডেন্ট
উরসুলা ভন ডার লেয়েনের মধ্যে একটি দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনার পর দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে সহায়তার উদ্দেশ্যে বাংলাদেশ,
ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি) ও ইউরোপীয় কমিশনের (ইসি) মধ্যে তিনটি ঋণ ও অনুদান
চুক্তি সই হয়। সে সময় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন তার বিবৃতিতে
বলেন, ‘দুটি বিনিয়োগ প্যাকেজ স্বাক্ষরিত হয়েছে। প্রথম প্যাকেজটি হলো বাংলাদেশে পরিবেশবান্ধব
রূপান্তরকে ত্বরান্বিত করার জন্য ৪০০ মিলিয়ন ইউরোর বেশি অর্থের একটি নবায়নযোগ্য জ্বালানি
প্যাকেজ। দ্বিতীয়টি হলো বাংলাদেশে জনপ্রশাসন এবং কর্মসংস্থান, দক্ষতা ও শিক্ষা ও পরিবেশবান্ধব
রূপান্তরে ৭০ মিলিয়ন ইউরোর বিনিয়োগ রোডম্যাপ সংক্রান্ত একটি বার্ষিক কর্ম পরিকল্পনা।’
সে সময় ইসি প্রেসিডেন্ট নতুন একটি অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি নিয়ে
পুনরায় আলোচনা শুরুর ঘোষণা দিয়েছিলেন। একই সঙ্গে গ্লোবাল গেটওয়ে ইনিশিয়েটিভের আওতায়
নতুন বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ ও ইইউর মধ্যকার সম্পর্ক আরো জোরালো হবে বলে প্রত্যাশাও
ব্যক্ত করেছিলেন তিনি।










