বগুড়ার শেরপুরে মানবদেহের চোরাকারবারি চক্রের দুই সদস্যকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে চারটি স্কুল ব্যাগভর্তি ৪৪০টি মানবদেহের হাড় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হাড়ের মধ্যে মাথার খুলিও ছিল।
গতকাল সকাল ৯টার দিকে শেরপুরের ভবানীপুর ইউনিয়নের ঘোগা বটতলা এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি বাসে তল্লাশি চালিয়ে কঙ্কালসহ ওই দুই চোরাকারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলেন জামালপুরে জেলার দেওয়ানগঞ্জ উপজেলার গামারিয়া গ্রামের মনু মিয়ার ছেলে রাশেদ মিয়া (২৪) ও একই উপজেলার পশ্চিম গামারিয়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে বেলাল হোসেন (২৮)।
জানা যায়, আটককৃতরা মানবদেহের বিভিন্ন হাড়ের চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন কবরস্থান থেকে মানবদেহের কঙ্কাল চুরি করে বিক্রি করেন। এরই ধারাবাহিকতায় কঙ্কালগুলোর বিভিন্ন অংশ চারটি স্কুলের ব্যাগে ভরে পাচারের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। এমন সংবাদ পেয়ে বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা উপজেলার ঘোগা বটতলা নামক স্থানে চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী একটি বাস তল্লাশি চালিয়ে ব্যাগভর্তি কঙ্কালসহ তাদের আটক করেন।









