বাগেরহাটের ফকিরহাটে দাঁড়িয়ে থাকা কয়লাবোঝাই
ট্রাকের পেছনে পাথর বোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (৩১
মার্চ) ভোর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের ফলতিতা মৎস্য আড়ৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি পাথরবোঝাই ট্রাকের হেলপার
কালু মিয়া (৩৫)। তিনি সাতক্ষীরা জেলার বিনেরপোতা এলাকার আজিজ মিয়ার ছেলে।
দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন মোল্লারহাট
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান।
তিনি বলেন, কয়লাভর্তি ট্রাকের পেছনে বেপরোয়া
গতিতে চলা পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে কালু মিয়া নিহত হয়েছেন। ট্রাক দুটি
জব্দ করা হয়েছে।
নিহতের মরদেহ ফকিরহাট উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে গত ২৪ মার্চ দুপুরে ফকিরহাট উপজেলার
সাটের বটতলা এলাকায় দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকে ধাক্কা দেয় সিমেন্টবাহী ট্রাক। ওই সময়
সিমেন্টবাহী ট্রাকের চালক মো. সুমন (৪২) নিহত হন।










