মুন্সিগঞ্জ সিরাজদিখানে বসত ঘরের টিনের চালের ওপর থেকে কবুতরের বাচ্চা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পঞ্চম শ্রেণির এক স্কুল ছাত্র মারা গেছে।
সোমবার (১০ মার্চ) বিকাল ৩টার দিকে উপজেলার বয়রাগাদি ইউনিয়নের ভুইরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত স্কুল ছাত্র ফয়সাল দেওয়ান (১১) উপজেলার বয়রাগাদি ইউনিয়নের ভুইরা গ্রামের কুয়েত প্রবাসী মো. ফারুক দেওয়ানের ছেলে এবং ভুইরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বিকালে বসতঘরে টিনের চালের ওপর থেকে কবুতরের বাচ্চা নামাতে গেলে বিদ্যুতের টানা তারে বিদ্যুৎস্পষ্ট হয় ফয়সাল।
এ সময় নিহত ফয়সালের চিৎকারে তার বাড়ির লোকজন ছুটে এসে ঘটনাস্থল থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন।
ভুইরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, নিহত ফয়সাল আমার স্কুলের পঞ্চম শ্রেণীর খুবই মেধাবী ছাত্র ছিল। তার এরকম মর্মান্তিক মৃত্যুতে খুবই খারাপ লাগছে।
এদিকে বিষয়টি নিশ্চিত করে, সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় পারিবারিকভাবে ওই স্কুল ছাত্রের মরদেহ স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।










