গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। আজ শনিবার (১৫ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার মাওনা-ফুলবাড়ী আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সিএনজি চালক ওবায়দুল, কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের শালদহপাড়া গ্রামের আব্দুল আলীম (৬৫) ও তার স্ত্রী সুফিয়া (৫৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে শ্রীপুরের মাওনা চৌরাস্তা থেকে একটি সিএনজি অটোরিকশা যাত্রী নিয়ে কালিয়াকৈরের উদ্দেশে রওনা দেয়। সকাল ৮টার দিকে নামাশুলাই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি ট্রাকের সঙ্গে সিএনজির সংঘর্ষ হয়। এতে সিএনজির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজি চালক ওবায়দুল ও আরো দুজন নিহত হন। আহত একজনকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এদিকে, দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যান।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।