মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত মেট্রোরেল সেবা চালু হচ্ছে। আজ সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টা থেকে সম্পূর্ণ রুটে মেট্রোরেল চালু হওয়ার খবর দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।তবে নিরাপত্তার স্বার্থে বিজয় সরণি-ফার্মগেট-বিজয় সরণি অংশে ট্রেন ধীরগতিতে চলছে বলে জানা গেছে।

মেট্রোতে থাকা ইকবাল নামে এক যাত্রী বলেন, মিরপুর থেকে ভালো গতিতেই আগারগাঁও পর্যন্ত এসেছে ট্রেন। এরপর থেকে ধীরে ধীরে গতি কমতে থাকে। বিজয় সরণি পার হওয়ার পর গতি আরও কমে যায়। মনে হয়েছে এসময় ট্রেন ১০-১৫ কিলোমিটার বেগে চলেছে। বিষয়টি নিয়ে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

তবে, এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, এই অংশে (বিজয় সরণি-ফার্মগেট-বিজয় সরণি) ট্রেন গতি কমিয়ে চলছে, এটা সত্য। নিরাপত্তার জন্যই আপাতত এই সেকশনে গতি কমিয়ে চালানো হচ্ছে। বাকি সেকশনগুলো আগের মতোই চলছে।