রাজশাহীর গোদাগাড়ীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের দেখে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি ফেলে পালিয়ে গিয়েছে চোরাকারবারিরা।
গতকাল সোমবার রাত ১১টার দিকে ভারতীয় সীমান্তঘেঁষা গোদাগাড়ী উপজেলার নিমতলা এলাকা থেকে কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার হয়। এর ওজন ১০২ কেজি ৭২ গ্রাম। মূর্তিটির আনুমানিক মূল্য ১ কোটি ২ লাখ ৭২ হাজার টাকা। বিজিবির রাজশাহী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ এসব তথ্য জানিয়েছেন।
বিজিবি জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের শূন্য রেখার কাছে একটি বিশেষ টহল অভিযান চালিয়েছে তারা। তখন বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে অন্ধকারে মিলিয়ে যায় চোরাকারবারিরা। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে বস্তাবন্দি বিষ্ণুমূর্তিটি পাওয়া যায়।
বিজিবি বলছে, ভারতে পাচারের উদ্দেশ্যেই বিষ্ণুমূর্তিটি সীমান্তে আনা হয়েছিল। কিন্তু বিজিবির অভিযানে তাদের প্রচেষ্টা ভেস্তে যায়। পালিয়ে যাওয়ায় তাদের শনাক্ত করতে পারেনি বিজিবি। তবে এ নিয়ে আইনি ব্যবস্থা নিচ্ছে তারা।









