কোটা সংস্কার
আন্দোলনকারীদের ঘোষিত বিক্ষোভ কর্মসূচির কারণে আজ সোমবার (২৯ জুলাই) সকালে রাজধানী
ঢাকার বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
কোটা আন্দোলনের
সমন্বয়করা গতকাল রোববার (২৮ জুলাই) রাতে ডিবি কার্যালয় থেকে সংবাদ সম্মেলন করে
আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিলেও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
বরাত দিয়ে এই ঘোষণা প্রত্যাখ্যান করা হয়। আজ সকাল ১১টা থেকে বিভিন্ন ধাপে
রাজধানীর বিভিন্ন পয়েন্টে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জড়ো হয়ে আন্দোলনের
সমর্থনে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হয়।
তবে সকাল ১১টা থেকে
দুপুর সাড়ে বারোটা পর্যন্ত রাজধানীর মিরপুর ১০, শ্যামলী, শিশুমেলা, কলেজ গেট,
মোহাম্মদপুর, সায়েন্স ল্যাব, এলিফ্যান্ট রোড, শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার,
পান্থপথ, ফার্মগেট, সংসদ ভবন, বিজয় সরণি ও আগারগাঁও এলাকা ঘুরে দেখা যায়, এসব
এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।
তবে পুলিশ, র্যাব,
বিজিবি ও সেনা সদস্যদের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সতর্ক অবস্থান করতে দেখা যায়।
সরকারি ভবনগুলোর আশপাশে, আগারগাঁও এলাকা, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কার্যালয়
এবং বাসভবনসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে এপিসি (সাঁজোয়া যান) সহ সেনাবাহিনীর সদস্যরা
সতর্ক অবস্থান করছেন। পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক র্যাব, বিজিবি ও পুলিশ সদস্যদের
উপস্থিতিও চোখে পড়েছে।
তবে অন্যান্য দিনের
তুলনায় আজ সড়কে জ্যাম কম ছিল। ফার্মগেট, বিজয় সরণি, মোহাম্মদপুর ও কারওয়ান বাজার
এরিয়াতে জ্যাম থাকলেও অন্যান্য সড়কে গাড়ির সংখ্যা ছিল তুলনামূলক কম।
বিশেষ করে
রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান দেখা গেছে।
এদিন বেলা ১১টার পর রাজধানীর নর্থ সাউথ, ইন্ডিডেনডেন্ট ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের সরব উপস্থিতি চোখে পড়ে। এ সময়
অনেকের মোবাইল চেক করতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর
সদস্যদের। শিক্ষার্থীদের পেলে আটকের
অভিযোগও রয়েছে। এছাড়া ঢাকার অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতির খবর পাওয়া গেছে।










