কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়নপুর ইউনিয়নের পাখিউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ছবিল উদ্দিন (৩৬) নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার ওসি মামুন অর রশীদ।
গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে এ গুলির ঘটনা ঘটে। পুলিশ জানায়, ছবিল উদ্দিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি পাখিউড়া এলাকার মুসা আলীর ছেলে।
এ ব্যাপারে বিজিবি কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জামাল হোসেন জানান, সীমান্তে একজনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। তবে বিএসএফের গুলিতে ওই ব্যক্তি মারা গেছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নারায়নপুর ইউনিয়নের পাখিউড়া সীমান্তপথে ভারত থেকে গরু আনতে গেলে দায়িত্বরত বিএসএফ সদস্য ছবিলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় পেটে গুলিবিদ্ধ হয়ে সেখানেই তার মৃত্যু হয়।










