অর্থ পাচার ও মানি লন্ডারিং নিয়ন্ত্রণে সিআইডিকে আরো কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে তিনি ঢাকার মালিবাগে অবস্থিত সিআইডি সদর দপ্তর পরিদর্শনকালে এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম ও সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শনকালে সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মানি লন্ডারিং মামলা সংক্রান্ত ক্রোককৃত সম্পত্তি সতর্কতার সঙ্গে রক্ষণাবেক্ষণ করতে হবে। সাইবার অপরাধ নিয়ন্ত্রণেও সিআইডিকে বিশেষ উদ্যোগ নিতে হবে।

তিনি ফরেনসিক ল্যাব পরিদর্শনকালে সম্প্রতি সচিবালয়ে অগ্নিকাণ্ডের বিষয় উল্লেখ করে ফরেনসিক বিভাগের কর্মকাণ্ডের সন্তোষ প্রকাশ করেন।

মতবিনিময় শেষে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখ স্বরাষ্ট্র উপদেষ্টার হাতে সিআইডির স্মারক তুলে দেন।